স্কাই বাংলা: কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্তে সোনা ও রুপোর উপর আমদানি শুল্ক এক ধাক্কায় ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি প্ল্যাটিনামের আমদানি শুল্কও বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই ঘোষণার পর থেকেই উদ্বেগ ছড়িয়েছে স্বর্ণ ব্যবসায়ী মহল থেকে শুরু করে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে।ব্যবসায়ীদের আশঙ্কা, আমদানি শুল্ক বৃদ্ধি পাওয়ায় বাজারে সোনা ও রুপোর দাম আরও বাড়তে পারে। এর ফলে সাধারণ ক্রেতাদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে এবং গয়নার বিক্রিতেও প্রভাব পড়তে পারে। বিশেষ করে বিয়ের মরশুমে এর প্রভাব বেশি দেখা যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে স্বল্পমেয়াদে সরকারের রাজস্ব বৃদ্ধি পেলেও দীর্ঘমেয়াদে স্বর্ণ বাজারে মন্দা দেখা দিতে পারে। একই সঙ্গে বেআইনি পাচারের আশঙ্কাও বাড়তে পারে বলে মত তাঁদের। এদিকে, দেশের বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ী সংগঠন কেন্দ্রের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তুলেছে। তাঁদের বক্তব্য, অতিরিক্ত শুল্ক বৃদ্ধির ফলে ছোট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়বেন।

