স্কাই বাংলা, কলকাতা: আগামী ১ জুন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা ভান্ডারের’ টাকা ঢুকতে শুরু করবে। ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই ‘অন্নপূর্ণা ভান্ডার’ চালুর দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার। শুধু তাই নয়, ওই ১ জুন থেকেই সরকারি বাসে চড়লে মহিলাদের কোনও ভাড়া গুনতে হবে না বলেও জানানো হয়েছে। পাশাপাশি বর্তমানে চলা রাজ্যের অন্যান্য সমস্ত সামাজিক প্রকল্পও আগের মতোই চালু থাকবে বলেও আশ্বাস দেন বর্তমান সরকার।
সরকারি সূত্রে খবর, আবেদনকারীদের প্রয়োজনীয় নথি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে বলে জানা গিয়েছে।
এই ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এই প্রকল্প চালু থাকলে বহু পরিবার উপকৃত হবে। তবে প্রকল্পের আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত সরকারি নির্দেশিকা এখনও প্রকাশ করা হয়নি।

