নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের পর রাজ্যের ডিজি এবং কলকাতার সিপি-কেও বদল করল নির্বাচন কমিশন। সরানো হলো কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে। নতুন সিপি হলেন অজয়কুমার নন্দা। পীযূষ পাণ্ডের জায়গায় রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি ও আইজিপি হলেন সিদ্ধিনাথ গুপ্তা। এডিজি আইনশৃঙ্খলা বিনীত গোয়েলকে সরিয়ে আনা হলো অজয় মুকুন্দ রানাডেকে। ডিজি (কারা) হলেন নটরাজন রমেশবাবু।
রবিবার রাতে রাজ্যের মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেয় কমিশন। তাঁর জায়গায় নিয়োগ করা হয় দুষ্মন্ত নারিওয়ালাকে। সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। তার পর সোমবার সকালে আরও রদবদলের ঘোষণা করা হল।অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করা হবে। সোমবার বিকেল ৩টের মধ্যে এই আধিকারিকদের কাজে যোগদানের সম্মতিসূচক রিপোর্ট পাঠাতে বলেছে কমিশন। যে আধিকারিকদের পদ থেকে সরানো হল, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না-হওয়া পর্যন্ত তাঁদের ভোট সংক্রান্ত কোনও পদে নিয়োগ করা যাবে না।

